রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে হিন্দু ভক্তদের মিলনমেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে হিন্দু ভক্তদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
রবিবার (৫ এপ্রিল) কাতিহার বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ মিলনমেলায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজনে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন বাবু শ্যামল সাধু। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক নিত্যানন্দ রায়, বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী প্রধান গৌড় কুমার সেন, কেন্দ্রীয় কর্মী প্রধান লেবু রায় এবং কর্মী গ্রুপ উপদেষ্টা লিটন গোস্বামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং ধর্মীয় বিভেদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আগত ভক্তরাও এমন আয়োজনকে স্বাগত জানান এবং এটিকে সামাজিক সম্প্রীতি জোরদারের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করেন, বর্তমান সময়ে যখন নানা বিভাজন দেখা যায়, তখন এ ধরনের সম্প্রীতির আয়োজন সমাজে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.