কাউখালীর শ্রীগুরু কেন্দ্রীয় আশ্রমে সংকট নিরসনে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে অবস্থিত শ্রী গুরু সংঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের চলমান সংকট নিরসনে প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে আশ্রম প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, আশ্রমের বিদ্যমান সমস্যা সমাধান এবং একটি আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আশ্রম কর্তৃপক্ষ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পিরোজপুর জেলা কার্যালয়ে লিখিত আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জী এ সভার আয়োজন করেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ তানজিলা কবির ত্রপা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব হোসাইনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আশ্রম কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ তানজিলা কবির ত্রপা জানান, আশ্রমের চলমান সংকট নিরসন ও আহ্বায়ক কমিটি গঠন বিষয়ে উভয় পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.