চ্যানেল ওম নিউজ ডেস্ক
সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব ধর্মের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করে। এ সময় প্রধানমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরে বলেন, “আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি এবং ভালোবাসি। আমাদের বিশ্বাস—ধর্ম যার যার, দেশ সবার।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। “একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে,”—যোগ করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অতীতে প্রচলিত ধারণা ছিল অন্য ধর্মাবলম্বীরা বিএনপিকে সমর্থন করে না, তবে এবারের নির্বাচনে তা ভুল প্রমাণিত হয়েছে। সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়ী করেছে বলে তিনি মন্তব্য করেন।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ও যোগাযোগসহ বিভিন্ন খাত ভঙ্গুর অবস্থায় ছিল, যা অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো মনে হয়েছে। পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট মোকাবিলার কথাও তুলে ধরেন তিনি।
এর আগে প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রিস্টোফার মি. অধিকারী। তারা সরকারের বিভিন্ন উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ সহায়তা এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতা—প্রশংসা করেন।
এ সময় তারা জাতীয় সংসদে সংরক্ষিত আসনে খ্রিষ্টান নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবিও জানান। পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.