চ্যানেল ওম নিউজ ডেস্ক

সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে বৃহস্পতিবার (০২ এপ্রিল) এ তথ্য জানা যায়।
এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা। এছাড়া প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও তপন মজুমদারসহ অন্যান্যরা।
বৈঠক শেষে জয়ন্ত কুমার দেব জানান, সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে এবং তিনি বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনে ধাপে ধাপে সমাধানের আশ্বাস দিয়েছেন।
একই কথা তুলে ধরে সন্তোষ শর্মা বলেন, তাদের উত্থাপিত সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব রয়েছে এবং সমাধানের প্রত্যাশা করা হচ্ছে।
নেতারা বৈঠকে সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, হিন্দু ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং দেবোত্তর সম্পত্তি আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেন।