দেশের সব স্কুলে প্রাথমিক থেকেই সংগীত শিক্ষা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : সংস্কৃতিমন্ত্রী
সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সংগীত শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গুচ্ছভিত্তিক পদ্ধতিতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর আওতায় একজন সংগীত শিক্ষক একটি উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে ঘুরে পাঠদান করবেন। প্রতিটি জেলা ও উপজেলার স্কুলে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্য নিয়েই সরকার এই ব্যবস্থা করছে।
মন্ত্রী আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক সম্পৃক্ততা বৃদ্ধি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া প্রতিযোগিতার মতোই সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেলা ও উপজেলাপর্যায়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেই সময় সব প্রতিষ্ঠানে সংগীত শিক্ষক পাওয়া যেত না এবং মূলত তারা জেলাপর্যায়ের স্কুলগুলোতে কেন্দ্রীভূত ছিলেন। নির্বাচিত না হওয়ায় জনগণের কাছে তাদের সরাসরি দায়বদ্ধতা ছিল না। কিছু ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে কিছু বিষয় এড়িয়ে যাওয়া যেত।”
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.