সিলেটের ঐতিহ্যবাহী দাঁড়িয়াপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী মদনগোপাল জিউর আখড়া প্রাঙ্গণে নির্মাণ করা হচ্ছে প্রায় ১৩ ফুট উচ্চতার বিশালাকৃতির হনুমানজির প্রতিমা। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ, ধর্মীয় আবেগ ও গভীর আধ্যাত্মিক পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আগামীকাল (১লা এপ্রিল) অনুষ্ঠিত হবে পূজা ও মহোৎসব। আজ ৩১ মার্চ শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হলো উৎসবের কার্যক্রম। পূজার দিন সকাল ৯টায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে, এরপর সকাল ১০টায় অঞ্জলি প্রদান করা হবে। দিনব্যাপী চলবে ভক্তিমূলক সংগীত, গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা।
দুপুর দেড়টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। আয়োজকরা আশা করছেন, এই মহোৎসব ভক্তদের জন্য এক অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.