চ্যানেল ওম নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর উঁরাওপাড়া এলাকায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এক্কা মল্লিকের বসতভিটা ও ব্যক্তিগত কালীমন্দির জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতারও অভিযোগ করেছেন তিনি।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক্কা মল্লিক অভিযোগ তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, ২০১৮ সালে তার ভাই অনিক মল্লিক গোবিন্দনগর মৌজায় প্রায় ২.৫০ শতাংশ জমি কিনে সেখানে একটি বসতবাড়ি ও ব্যক্তিগত কালীমন্দির নির্মাণ করেন। প্রতিষ্ঠার পর থেকেই তার বাবা শংকর মল্লিক মন্দিরটির পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
লিখিত বক্তব্যে এক্কা মল্লিক বলেন, গত ২৫ নভেম্বর পরিবারের অনুপস্থিতির সুযোগে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাবা শংকর মল্লিক ও প্রীতি মল্লিককে মারধর করা হয় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও অভিযোগ করেন, হাসপাতাল থেকে ফিরে এসে তারা দেখতে পান, হামলাকারীরা মন্দিরের তালা ভেঙে ভেতরের আসবাবপত্র লুট করেছে এবং পুরো বাড়িতে নিজেদের তালা ঝুলিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। উল্টো ভুক্তভোগী পরিবারকেই মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, গত ১০ নভেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ২৮ নভেম্বর জেলা প্রশাসনের এসএ শাখা তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে জমির মালিকানা ও কাগজপত্র এক্কা মল্লিকদের পক্ষেই সঠিক বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে এক্কা মল্লিক বলেন, “দেশের হয়ে খেলেছি, আর আজ নিজের ঘর ও মন্দির রক্ষার জন্য লড়তে হচ্ছে।” দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি জবরদখলকারীদের হাত থেকে তাদের পৈতৃক সম্পত্তি ও উপাসনালয় উদ্ধারের দাবি জানান।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.