চ্যানেল ওম নিউজ ডেস্ক

জামালপুরে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নানোৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শহরের শ্মশানঘাট এলাকায় এ স্নানোৎসব শুরু হয়।

অষ্টমী উপলক্ষে সনাতনীরা পূজা-অর্চনার মাধ্যমে আত্মশুদ্ধি ও সর্বজনের মঙ্গল কামনায় পুণ্যস্নানে অংশ নেন। ভোর থেকেই ব্রহ্মপুত্র নদের তীরে পূণ্যার্থীদের ব্যাপক সমাগম দেখা যায়।

জামালপুরের পাশাপাশি শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও পূণ্যার্থী এই স্নানোৎসবে অংশ নিতে ব্রহ্মপুত্র পাড়ে ভিড় করেন।

অষ্টমী স্নানকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও শহরের প্রায় সাড়ে ৩০০ বছরের ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির এলাকায় তিন দিনব্যাপী মেলা বসে। মেলায় নাড়ু, গজা, খাজা, জিলাপি, মিষ্টি ও সাজসজ্জার সামগ্রীর পাশাপাশি কাঠের আসবাবপত্রের বিভিন্ন দোকানও দেখা যায়।

শ্রী শ্রী দয়াময়ী মন্দির কমিটির সভাপতি সিদ্ধার্থ শংকর রায় জানান, অষ্টমী স্নান সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। পুণ্য লাভের আশায় প্রতিবছর অসংখ্য পূণ্যার্থী ব্রহ্মপুত্র তীরে সমবেত হন। এ উপলক্ষে স্নান, পূজা-অর্চনা ও মেলাকে ঘিরে ধর্মীয় উৎসবের আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।