মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতাপাঠ বন্ধ রাখতে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমানের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, তিনি গতকাল মোবাইল ফোনে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানকে অনুষ্ঠানে গীতাপাঠ না রাখার নির্দেশ দেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সংসদ সদস্যের পক্ষ থেকে গীতাপাঠে নিষেধাজ্ঞার বিষয়টি স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বিষয়টি নিশ্চিত করে জানান, সংসদ সদস্য ফোন করে গীতাপাঠ না রাখার কথা বলেছিলেন। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানেই গীতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, মিজানুর রহমান মিজান বলেন, গীতাপাঠ বন্ধের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা স্বীকার করেছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.