চ্যানেল ওম নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ভারতের সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে তাঁর পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বার্তায় তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরে উল্লেখ করেন, অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং দীর্ঘদিনের ভাষাগত ঐতিহ্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দৃঢ় অংশীদারিত্বের ভিত্তি তৈরি করেছে।

দ্রৌপদী মুর্মু আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে সংযোগ, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যার সুফল সীমান্তের উভয় দেশের জনগণ ভোগ করছে।

তিনি জোর দিয়ে বলেন, এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভারত ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বার্তার শেষাংশে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।