চ্যানেল ওম নিউজ ডেস্ক
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ চুরির ঘটনা ঘটায় বলে জানা গেছে।
মন্দির কমিটি সূত্রে জানা যায়, চোরেরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রাধা-কৃষ্ণের পিতলের মূর্তি, ঘণ্টাসহ পূজার গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পূজারী ও স্থানীয়রা মন্দিরে এসে তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।
ঘটনার পরপরই এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তারা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও হুমকি।
এ বিষয়ে গৌরনদী থানার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.