চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পান ব্যবসায়ীর প্রাণহানি ঘটেছে। বুধবার সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে কমলমুন্সির হাটের জুলুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মারসা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি বাস এসে ঈগল পরিবহনকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এ দুর্ঘটনায় বাঁশী মোহন (৫৬) নামে এক যাত্রী নিহত হন। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং মেয়েকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.