চ্যানেল ওম সাতকানিয়া প্রতিনিধি :
গত ১৩ মার্চ সাতকানিয়ার উত্তর ঢেমশা শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্বজনীন ৪৫তম মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসম্মেলনে প্রধান অতিথি চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মূল বাণী এক ও অভিন্ন। ধর্ম মানুষকে মানবিকতা, নৈতিকতা ও উচ্চতর জীবনের পথে পরিচালিত করে। তিনি আরও বলেন, আত্মশুদ্ধি ও জীবনের পূর্ণতা অর্জনের জন্য ধর্মীয় রীতিনীতি যথাযথভাবে পালন করা প্রয়োজন।
মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষক অমল কান্তি দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অরুন কান্তি মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি যীশু চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান লিমিটেডের পরিচালক সব্যসাচী চৌধুরী লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ, সিনিয়র সহকারী সচিব অঞ্জন দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত আইচ, কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি দীপেন কান্তি চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক দীলিপ কান্তি মল্লিক, ঢেমশা লোকনাথ ধামের সভাপতি পরিমল কান্তি দাশ, প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ এবং সমাজসেবক বিশু চৌধুরী।এছাড়া বক্তব্য রাখেন কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জগদীশ দাশ, সাংগঠনিক সম্পাদক জুয়েল দাশ ও অর্থ সম্পাদক মিন্টু দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪৪ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল ঊষাকীর্তন, রাধাকৃষ্ণ ও শিবপূজা, ঠাকুরের রাজভোগ, সঙ্গীতাঞ্জলি, ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.