বান্দরবান জেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন গঙ্গা পূজা ও বারুণী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে সাঙ্গু নদীর উত্তরমুখী স্রোতে শুরু হয় এই স্নানোৎসব।
প্রতিবারের ন্যায় এবারও এ আয়োজন করেছে বান্দরবানের "আশীর্বাদ সংঘ"। শত শত ভক্তের অংশগ্রহণে সাঙ্গু নদীর তীর পরিণত হয়েছে এক উৎসবমুখর মিলনমেলায়।
আয়োজক সংগঠন আশীর্বাদ সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বান্দরবানের এই ঐতিহ্যবাহী গঙ্গা পূজা ইতোমধ্যে সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রতিবছর ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণ বাড়ছে এবং ধীরে ধীরে এটি আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পাচ্ছে।
তারা আরও জানান, চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর সাঙ্গু নদীর উত্তরমুখী স্রোতে এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। পাপমুক্তি ও পুণ্যলাভের আশায় বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ এবারও অংশ নেন এই স্নানে। গঙ্গা স্নানের পাশাপাশি ভক্তরা নদীর তীরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পূজা-অর্চনা করেন এবং নিজেদের আধ্যাত্মিক কল্যাণ ও পাপ মোচনের উদ্দেশ্যে নানা ধর্মীয় আচার পালন করেন।
উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভজন-কীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। এছাড়া মহাদেবের অভিষেকও অনুষ্ঠিত হয়েছে, যা প্রতি বছরের মতো এবারও বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে।
আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে গঙ্গা পূজা, বারুণী স্নান, মহোৎসবসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পাপ মোচন ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
নানা ধর্মীয় আয়োজন শেষে আগামীকাল ১৮মার্চ বুধবার পুষ্পাঞ্জলি প্রদান এবং সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের বর্ণাঢ্য গঙ্গা পূজা ও বারুণী স্নান উৎসব।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.