হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে একটি ভাড়া বাসা থেকে অয়ন দাশ (৩৫) নামের এক সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে বোয়ালীয়ার মুখ বাজার এলাকার একটি ভাড়া বাসার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের ছেলে। তিনি পেশায় একজন সেলুন কর্মচারী ছিলেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভাড়া বাসাটি থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অয়ন দাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এরপর ঘটনাস্থলেই লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.