চ্যানেল ওম নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি মন্দিরে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা কমবে—এমন প্রত্যাশা ছিল। সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং দিন দিন হামলা ও সহিংসতার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে ভোলায় নারী ধর্ষণ, চট্টগ্রাম, বগুড়া, কক্সবাজার, যশোর ও ময়মনসিংহে সংখ্যালঘু ব্যক্তিদের পরিকল্পিতভাবে হত্যার ঘটনা এবং কুমিল্লায় মন্দিরে ককটেল হামলা গভীর উদ্বেগজনক। এসব সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। চ্যানেলওম।

এ সময় বক্তারা আরও বলেন, গত ১১ মার্চ সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির (পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি) ও কাটিয়া সদর সার্বজনীন পূজা মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় মন্দির দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চুরি হওয়া মূল্যবান সামগ্রী দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, জেলা ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য গৌর দত্ত, মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, শিক্ষাবিদ কিশোরী মোহন সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ, সাংবাদিক রঘুনাথ খাঁ, দীনবন্ধু মিত্র, সুকৃতি রায়, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত ঘোষ এবং ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।