চ্যানেল ওম নিউজ ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এ কর্মকর্তাকে তার নামের পাশে উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।