আর্থিক সীমাবদ্ধতা পেরিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অমিত ভট্টাচার্য
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী রাউজান শ্রী শ্রী রাসবিহারী ধাম কেন্দ্রীয় মন্দির–এর প্রধান পূজারী অমিত ভট্টাচার্য প্রতিবছর নিজের স্বল্প আয়ের সঞ্চয় থেকে অসচ্ছল সনাতনী শিক্ষার্থীদের মাঝে বই-খাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই তিনি প্রায় ২০ থেকে ৩০ জন দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীর হাতে প্রয়োজনীয় বই-খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেন। সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে তাঁর এই নিরলস প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ–এর সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশ গুপ্ত বলেন, সমাজে বিত্তবানদের পাশাপাশি এ ধরনের নীরব ও আন্তরিক সেবাই প্রকৃত মানবতার পরিচয় বহন করে। পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিদিন অনেক অসচ্ছল সনাতনী শিক্ষার্থী বই-পুস্তক ও স্কুল-কলেজে ভর্তি সংক্রান্ত আর্থিক সহায়তার জন্য তাদের কাছে আসে। কিন্তু পর্যাপ্ত তহবিলের অভাবে সবার পাশে দাঁড়ানো সম্ভব হয় না, যা অত্যন্ত বেদনাদায়ক।
সমাজের সচ্ছল ও বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবায় এগিয়ে আসাই হোক সবার অঙ্গীকার। পরমেশ্বর ভগবানের শ্রীচরণে প্রার্থনা—যাদের সামর্থ্য রয়েছে, তাদের মানবতাবোধ আরও জাগ্রত হোক এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সকলে এগিয়ে আসুন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.