চ্যানেল ওম নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্ব স্ব ধর্মের পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি তাদের অবস্থান স্পষ্ট করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর যে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছিল, শপথ অনুষ্ঠানের এ ঘটনায় তা প্রশ্নের মুখে পড়েছে। তার ভাষায়, “শুরুতেই কি আমরা বৈষম্যের চিত্র দেখলাম?”

তিনি আরও বলেন, সংবিধানের ২(ক) অনুচ্ছেদে সকল নাগরিকের সমান অধিকারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সেই প্রেক্ষাপটে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য ধর্মাবলম্বী সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মের প্রধান পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের সুযোগ না দেওয়া কেন—এ প্রশ্ন তোলেন তিনি।

সংগঠনটির মতে, বিষয়টি ভবিষ্যতে সমতা ও সাম্যের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।