মহা শিবরাত্রি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণিল ধর্মীয় আয়োজন
মহা শিবরাত্রি ১৪৩২ উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। ভক্তি, সংযম ও আত্মশুদ্ধির চেতনায় উদ্বুদ্ধ এই মহিমান্বিত রজনী উদ্যাপনে সকল সনাতনী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ভক্তিমূলক সংগীত ও পরিবেশনার মাধ্যমে সৃষ্টি হবে এক আধ্যাত্মিক আবহ। রাত ৯টায় অনুষ্ঠিত হবে রুদ্রাভিষেক—যা শিবভক্তদের জন্য অন্যতম তাৎপর্যপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা। পরবর্তীতে রাত ১০টায় শিব নাম সংকীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে পবিত্র এ আয়োজন।
আয়োজকদের মতে, মহা শিবরাত্রি কেবল একটি ধর্মীয় আচার নয়; এটি আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম ও নৈতিকতার পথে চলার প্রেরণা জাগায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও আধ্যাত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় মন্দির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ, জবি শাখা।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.