চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রাম সাধারণ ব্রাহ্ম সমাজের উদ্যোগে ঐতিহাসিক 'মাঘোৎসব' যথাযোগ্য মর্যাদায় রহমতগঞ্জের চট্টগ্রামস্থ উপাসনা মন্দিরে সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্রাহ্ম সমাজ পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বনগোপাল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই উৎসব শুরু হয় সন্ধ্যা ৬ টায় সমবেত উপাসনার মাধ্যমে।উপাসনা শেষে পবিত্র বেদমন্ত্র পাঠ করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের আবাসিক শিক্ষার্থীরা। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রী অরবিন্দ সোসাইটি, বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত সভাপতি রতন ভট্টাচার্য কর্তৃক রচিত ব্রাহ্মসমাজ এবং মাঘোৎসব শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রবন্ধের উপর তথ্যসমৃদ্ধ আলোচনা করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের সম্মানিত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ, প্রফেসর সুকুমার দত্ত।অনুষ্ঠানে চট্টগ্রাম সাধারণ ব্রাহ্ম সমাজ পরিষদের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ব্রহ্মবাণী পাঠ করে শোনান রুচিরা বড়ুয়া, ব্রহ্ম সংগীত পরিবেশন করেন পাপিয়া ঘোষ, অংকিতা মজুমদার, বর্ণা তালুকদার ও নির্ঝর ঘোষ প্রমুখ রেডিও ও টিভি শিল্পবৃন্দ। উৎসবের সঞ্চালনায় ছিলেন প্রণব কুমার দাশ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.