চ্যানেল ওম নিউজ ডেস্ক
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা যেন কোনো ভয় না পান এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আশ্বস্ত করে বলেন, হিন্দু সম্প্রদায়ের পাশে তিনি অতীতেও ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। প্রয়োজনে তাঁদের জন্য প্রথম শহীদ হওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের বলদাপুকুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আজকের বাংলাদেশে হিন্দু ও মুসলমান একসঙ্গে একই চেতনায় বিশ্বাসী—এই দেশে ধর্মভিত্তিক রাজনীতির আর জায়গা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কর্মীদের একটি স্লোগান আমার খুব ভালো লেগেছে— “হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট।” এই স্লোগানই আমাদের ঐক্যের প্রতিফলন।’
বিএনপি মহাসচিব আরও বলেন, তাঁর দল কখনোই ধর্মকে ব্যবহার করে ভোট চাইেনি। ‘ধানের শীষে ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে—এমন কথা আমরা বলিনি। অথচ একটি দল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়ার কথা বলছে। ইসলামে এমন কোনো কথা নেই। আল্লাহর নির্দেশ মেনে আমল করলেই মানুষ বেহেশতের যোগ্য হয়,’ বলেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এই দেশের স্বাধীনতার জন্য লক্ষাধিক মানুষ শহীদ হয়েছেন এবং অসংখ্য মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। সে সময় জামায়াতে ইসলাম পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল—এ কথা ভুলে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতার বিরোধিতাকারী এবং এখনো ক্ষমা না চাওয়া কোনো শক্তিকে বিশ্বাস করা যায় না বলেও তিনি স্পষ্ট করেন।
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি গত ১৫ বছরে ১১৭টি মামলার আসামি হয়েছেন, ১১ বার কারাবরণ করেছেন এবং সাড়ে তিন বছর কারাগারে কাটিয়েছেন। তবুও তাঁর কোনো আক্ষেপ নেই বলে জানান তিনি।
শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়ী করার আহ্বান জানান এবং বলেন, জনগণের সমর্থন পেলে তিনি সবার সেবা করার সুযোগ পাবেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.