চ্যানেল ওম নিউজ ডেস্ক
খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের মানুষদের দেশ ছাড়তে হবে না। বরং তাদের এ দেশেই জামাইয়ের মতো সম্মান ও নিরাপত্তা দিয়ে রাখা হবে। একই সঙ্গে তিনি বলেন, জামায়াত কখনো অর্থের বিনিময়ে ভোট কেনার রাজনীতি করে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
কৃষ্ণনন্দী বলেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজির টাকার বস্তা খুলে ভোট কেনার চেষ্টা করছে। হাট-বাজারে যেভাবে গরু-ছাগল কেনা হয়, সেভাবে ভোট কেনার মানসিকতা কখনোই গ্রহণযোগ্য নয়।
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো বিকাশ বা অন্য কোনো মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনে না। জামায়াতের রাজনীতি নীতি ও আদর্শের রাজনীতি।
খুলনা সার্কিট হাউস মাঠে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ওই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডা. শফিকুর রহমান।