---
টানা তৃতীয়বারের মতো সরস্বতী পূজায় পৌরহিত্যের দায়িত্ব পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের এক ছাত্রী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম চত্বরে ইংরেজি বিভাগের সরস্বতী পূজায় এই ব্যতিক্রমী আয়োজন চোখে পড়ে।
পৌরহিত্য করা শিক্ষার্থী হলেন জবি ইংরেজি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ছাত্রী সমাদৃতা ভৌমিক। তিনি ২০২৪ খ্রিষ্টাব্দে প্রথমবারের মতো সরস্বতী পূজায় পৌরহিত্য করে একটি দৃষ্টান্ত স্থাপন করেন। বর্তমানে সমাদৃতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন।
নারীর পৌরহিত্যের বিষয়টিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে শিক্ষার্থী সুস্মিতা বলেন, ‘নারী হয়ে পূজায় পৌরহিত্যের বিষয়টি আমাদের কাছে অত্যন্ত ইতিবাচক। বিদ্যার ক্ষেত্রে যেমন নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই, তেমনি পূজার ক্ষেত্রেও তা থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আমরা এ জায়গায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে সমাদৃতা ভৌমিক বলেন, ‘এবার নিয়ে টানা তিনবার পৌরহিত্য করলাম। বন্ধুবান্ধব, সিনিয়র-জুনিয়র ও শিক্ষকদের কাছ থেকে সবসময় সহযোগিতা ও ইতিবাচক সাড়া পেয়েছি। শাস্ত্রীয়ভাবেও এখানে কোনো বাধা নেই।’
তিনি আরও বলেন, ‘নারীরা পিছিয়ে থাকবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি শুরু করেছি, ভবিষ্যতে অন্য নারীরাও এভাবে এগিয়ে আসবে।’
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.