শোকের আবহে বাঁশখালী নিমকালী মন্দিরের চারদিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব
বাঁশখালী উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী কালীপুর শ্রীশ্রী নিমকালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২২, ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার থেকে রবিবার) চারদিনব্যাপী নানা মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে উৎসব উদযাপিত হবে। চ্যানেল ওম।
এদিকে মন্দিরের সভাপতি, মাতৃভক্ত ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন গত ১৪ জানুয়ারি পরলোকগমন করায় আয়োজকরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের উৎসবের সকল সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। পরিবর্তে ধর্মীয় অনুষ্ঠানসহ ষোড়শ প্রহরব্যাপী নাম-সংকীর্তন অনুষ্ঠিত হবে। চ্যানেল ওম।
উৎসব চলাকালে সকল ভক্তবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যদের কালো ব্যাজ পরিধানের আহ্বান জানানো হয়েছে। মন্দির প্রাঙ্গণে একটি শোকবই রাখা হবে, যেখানে ভক্তরা বীর মুক্তিযোদ্ধা অসিত সেনকে স্মরণ করে অনুভূতি প্রকাশ করতে পারবেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ষোড়শ প্রহরব্যাপী নাম-সংকীর্তনের শুভ অধিবাস পরিচালনা করবেন দেশের প্রখ্যাত ভাগবতীয় বৈষ্ণব শ্রীল স্বরূপদাস বাবাজী। ২৩ ও ২৪ জানুয়ারি (শুক্র ও শনিবার) নাম-সংকীর্তনে নামসুধা বিতরণ করবেন—
শিব মন্দির সম্প্রদায় (রাজবাড়ি, ঢাকা),
মিরার গিরিধারী সম্প্রদায় (গোপালগঞ্জ),
রঘুনাথ জিউ সম্প্রদায় (মাদারীপুর),
শিপ্রা সম্প্রদায় (খুলনা) এবং
আদি নারায়ণ সম্প্রদায় (বরিশাল)।
উৎসবে জাতি, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বিনয়াবনত—
তাপস কুমার নন্দী
সাধারণ সম্পাদক
শ্রী শ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদ
কালীপুর, বাঁশখালী, চট্টগ্রাম।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.