বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক লায়ন অসিত সেন আর নেই। তিনি বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে দেশপ্রেম, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তিনি নানামুখী সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর পরিচালক ছিলেন। গণমাধ্যম জগতের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।
বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রধান পৃষ্ঠপোষক, গোলপাহাড় পরিচালনা পরিষদের উপদেষ্টা, দুর্নীতি দমন কমিশন বাঁশখালী উপজেলা শাখার সহ-সভাপতি, বাঁশখালীর শতবর্ষী নিম কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সৎসঙ্গ চট্টগ্রামের সহ-সভাপতি, অভয় মিত্র পরিচালনা পরিষদের উপদেষ্টা এবং দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ অর্ধশতাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তার মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহল, মুক্তিযোদ্ধা সমাজ, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের শেষকৃত্য বৃহস্পতিবার দুপুর ১২টায় তার নিজ বাড়ি বাঁশখালীতে অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রাম নগরীর নালাপাড়াস্থ বাসভবনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ সমবেত হন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গীতাপাঠ ও অশ্রুসিক্ত পরিবেশে তাকে শেষ বিদায় জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.