চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রশাসনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
‎শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন— বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) এবং ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। এম এ তাফসীর হাসান বর্তমানে এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা শেষ পর্যন্ত দাখিল করেননি।
‎ঘটনার পরদিন রোববার (৪ জানুয়ারি) সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
‎মামলার এজাহার অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে আসামিরা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে বাদীর বাড়ির সামনে এসে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে ডাকাডাকি করেন। গেট খুলে দিলে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খুঁজতে থাকেন এবং ঘরের আসবাবপত্র তছনছ করেন।
‎এক পর্যায়ে তারা পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, ‘তোর স্বামীকে বের করে দে, না হলে ট্রাংকের চাবি দে—না দিলে সবাইকে মেরে ফেলবো।’ পরে পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
‎পরিবারের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্থানীয়রা দুজনকে আটক করতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পরে আটক দুজনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে আটক দুজনকে রাতেই থানায় আনা হয়। এ ঘটনায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।