বরিশাল-৫ আসনে সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানান, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং অঙ্গীকারনামায় অসংগতি পাওয়ায় মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় মনীষা চক্রবর্তী বলেন, মূল হলফনামায় তাঁর স্বাক্ষর রয়েছে। নোটারির একটি কপিতে স্বাক্ষর না থাকাকে বড় ধরনের ত্রুটি বলা যায় না। পাশাপাশি অঙ্গীকারনামার স্ট্যাম্পেও তাঁর স্বাক্ষর রয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র ও পক্ষপাতমূলক আচরণের কারণেই তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, একজন প্রার্থীর বিরুদ্ধে আয়কর বিভাগের মামলা থাকা সত্ত্বেও এবং আরেকজন প্রার্থী অনুপস্থিত থাকলেও তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, আগামী রোববার পর্যন্ত সময় রয়েছে। রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন মনোনয়নপত্র বৈধ ঘোষণার সুযোগ আছে, তাহলে তা করা হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.