চ্যানেল ওম নিউজ ডেস্ক
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সহকর্মীর গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় অবস্থিত সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের প্রবিত্র বিশ্বাসের ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার বাসিন্দা লুৎফর রহমানের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কারখানায় মোট ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে বসে ছিলেন। হঠাৎ নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে ছোড়া গুলিতে বজেন্দ্র বিশ্বাসের বাম উরুতে গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও লাবিব গ্রুপে দায়িত্বরত আনসার সদস্য এপিসি মো. আজাহার আলী জানান, ঘটনার সময় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস তার কক্ষেই বসে ছিলেন। এ সময় নোমান হঠাৎ বজেন্দ্রের উরুতে শটগান ঠেকিয়ে ‘গুলি করে দেই’ বলে গুলি চালায়। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনার আগে তাদের মধ্যে কোনো ধরনের বাকবিতণ্ডা বা বিরোধ চোখে পড়েনি বলেও জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গভীর তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।