চ্যানেল ওম নিউজ ডেস্ক
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্ট বিভাগে একটি জনস্বার্থ মামলা (রিট) দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার, তার সহযোগী আইনজীবী ফালিকুল ইশবা ও মোহাম্মদ সানজার যৌথভাবে এই রিট আবেদন করেন। আবেদনে ঘটনাটিকে ‘আইনের শাসন ও রাষ্ট্রীয় জবাবদিহিতার মারাত্মক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রিটে বলা হয়, দীপু দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও পুলিশ, বিচার বিভাগ কিংবা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ অভিযোগের কোনো যাচাই করেনি। তাকে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ বা অভিযুক্ত না করেই প্রকাশ্য দিবালোকে হামলা চালানো হয় এবং পরে আগুন দিয়ে হত্যা করা হয়।
আবেদনকারীদের অভিযোগ, ঘটনার আগে ও সময়ে উত্তেজনা ও সহিংসতার স্পষ্ট আশঙ্কা থাকা সত্ত্বেও ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ বা ভুক্তভোগীকে রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক ও আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার প্রমাণ মেলে বলে রিটে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। আবেদনকারীরা ঘটনাটিকে গুজবনির্ভর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।
এ বিষয়ে আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থতা নয়; বরং একটি গভীর প্রাতিষ্ঠানিক ভাঙনের চিত্র, যা মব ভায়োলেন্সকে স্বাভাবিক করে তোলার ঝুঁকি তৈরি করছে। ন্যায়বিচার ও আইনের শাসন রক্ষায় একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্ত জরুরি।
তিনি জানান, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের একজন সদস্য, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে অন্তর্ভুক্ত করে একটি উচ্চপর্যায়ের স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের আবেদন জানানো হবে।