চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না—এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

‎রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আগুন দিয়ে মানুষ হত্যা ও স্থাপনা জ্বালিয়ে দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ। সরকার এসব সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

‎তিনি জানান, সব স্থাপনায় একযোগে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে খালিদ হোসেন বলেন, এ ধরনের মব সহিংসতা রাষ্ট্র পরিচালনার জন্য বড় বাধা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

‎ধর্ম উপদেষ্টা আরও জানান, ময়মনসিংহের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়া হয়।

‎এছাড়া একই রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থানেও সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।