চ্যানেল ওম নিউজ ডেস্ক
সনাতন ধর্মীয় শিক্ষা ও প্রাচীন বেদিক জ্ঞান চর্চার ধারাবাহিকতায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আরও একটি নতুন অধ্যায় যুক্ত হলো। সনাতন সেবক সংঘ (এসএসএস)-এর উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) পূর্বপাড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রী হরে কৃষ্ণ হরে রাম মন্দির প্রাঙ্গণে সংগঠনটির ৩০তম গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়।

‎সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গীতা স্কুলের কার্যক্রম শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ তিন দশক ধরে সনাতন সেবক সংঘ বেদ, উপনিষদ, শ্রীমদ্ভগবদগীতা ও সনাতন ধর্মীয় শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন এই গীতা স্কুল চালু করা হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সেবক সংঘের সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রী লিপু চন্দ্র রায়, বিদ্যাপীঠ বিষয়ক সম্পাদক শ্রী বিশ্বনাথ বর্মন এবং সহ রক্ত বিষয়ক সম্পাদক শ্রী হীরা চন্দ্র রায়। এ সময় স্থানীয় শ্রীশ্রী হরে কৃষ্ণ হরে রাম মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক ভক্ত ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন।

‎বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিকতার প্রভাবে যখন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ অনেক ক্ষেত্রে ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে, তখন গীতা স্কুলের মতো উদ্যোগ নতুন প্রজন্মকে ধর্মীয় ও সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু ও কিশোরদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতার শিক্ষা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সহনশীলতা গড়ে তুলতেই এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

‎আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, গীতা স্কুলে নিয়মিত গীতা পাঠের পাশাপাশি বেদিক ইতিহাস, সনাতন সংস্কৃতি ও নৈতিক শিক্ষার ওপর পাঠদান করা হবে। প্রাচীন বেদিক জ্ঞান সংরক্ষণ এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

‎অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে শ্রীশ্রী হরে কৃষ্ণ হরে রাম মন্দিরের সকল ভক্তবৃন্দ ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।