ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ: গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাস, মরদেহে আগুন
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে একদল উত্তেজিত ব্যক্তি দীপু চন্দ্র দাসকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করে বিবিসি বাংলাকে জানান, রাত আনুমানিক ৯টার দিকে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ওই এলাকায় ভাড়াবাসায় থাকতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ নিহতের স্বজনদের খোঁজ করছে। স্বজনরা মামলা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.